খুঁজুন
, ,

মিঠাপুকুরে অটো ছিনতাই ও ডাকাতি নির্মূলে প্রতিটি গ্রামে ‘প্রতিরোধ কমিটি’ গঠনের ডাক এমপি গোলাম রব্বানীর

বিশেষ প্রতিনিধি, মিঠাপুকুর, রংপুর
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
মিঠাপুকুরে অটো ছিনতাই ও ডাকাতি নির্মূলে প্রতিটি গ্রামে ‘প্রতিরোধ কমিটি’ গঠনের ডাক এমপি গোলাম রব্বানীর

২১ মে, ২০২৬ইং
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অটো ছিনতাই ও ডাকাতির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গ্রামে সচেতন এলাকাবাসীর সমন্বয়ে ‘প্রতিরোধ কমিটি’ গঠনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রব্বানী। বুধবার সন্ধ্যায় মিঠাপুকুর থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুব্ধ সাধারণ জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তব্যের শুরুতেই সংসদ সদস্য এলাকায় ক্রমবর্ধমান অপরাধের জন্য মাদক ও অসামাজিক কার্যকলাপকে দায়ী করেন। তিনি বলেন, তরুণ সমাজের বিপথগামী হওয়ার পেছনে মাদকের প্রভাব একটি বড় নিয়ামক, যা পরোক্ষভাবে মিঠাপুকুর এলাকায় ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের জন্ম দিচ্ছে। অপরাধীদের দমনে স্থানীয় জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ নির্মূলে প্রতিটি পাড়া ও মহল্লায় স্থানীয় তরুণদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এই কমিটির সদস্যরা এলাকায় রাত জেগে পাহারা দেওয়ার পাশাপাশি বহিরাগত বা সন্দেহভাজন যেকোনো ব্যক্তির প্রবেশ কঠোরভাবে নজরদারি করবে।
তিনি স্থানীয়দের পরামর্শ দিয়ে বলেন, রাতের বেলা অপরিচিত কারো উপস্থিতি লক্ষ্য করলে সাথে সাথে তাদের থামানোর চেষ্টা করতে হবে এবং আইনশৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে তাদের পুলিশের সোপর্দ করতে হবে। তিনি আরও যোগ করেন, যদি মিঠাপুকুরের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে সজাগ থাকে এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারে, তবে ছিনতাইকারীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
আইনশৃঙ্খলার উন্নতির দাবিতে আন্দোলনরত জনতার উদ্দেশ্যে সংসদ সদস্য গোলাম রব্বানী বলেন, নাগরিকদের এই প্রতিবাদ অত্যন্ত যৌক্তিক এবং এ ধরনের জনসম্পৃক্ততা সমাজ থেকে অপরাধ দূর করতে সহায়তা করে। তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনে মিঠাপুকুর থানা বা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাপ প্রয়োগ করতে হবে। তিনি স্থানীয়দের আশ্বস্ত করে জানান, অপরাধ দমনে সাধারণ মানুষের প্রতিটি যৌক্তিক আন্দোলনে তার পূর্ণ সমর্থন রয়েছে এবং প্রশাসনকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করা হবে।

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় হামলা-ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই সময়ে আশপাশের কয়েকটি চালু কারখানায়ও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি কারখানায় শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুরের আনসার রোড এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে আশপাশের উৎপাদন কার্যক্রম চালু থাকা কয়েকটি কারখানায়ও হামলার ঘটনা ঘটে।

হঠাৎ এ হামলার ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সেখান থেকে সরে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হামলার নেপথ্যে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, হামলা ও ভাঙচুরের ঘটনার পর শ্রীপুরের আনসার রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টেকনাফে এসআরবি-১৫-এর বড় অভিযান: ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
টেকনাফে এসআরবি-১৫-এর বড় অভিযান: ১১ লাখ পিস ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচটি দেশীয় তৈরি অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে বড় বড় ইয়াবার চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ৬ অক্টোবর ২০২৬ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিনায়ক বলেন, মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এসআরবি-১৫-এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাদের আইনের আওতায় আনতে বাহিনী বদ্ধপরিকর।

গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শৈলকূপাতে দুই নারী ছিনতাইকারী আটক

এইচ এম রাহুল ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
শৈলকূপাতে দুই নারী ছিনতাইকারী আটক

 

ঝিনাইদহের শৈলকূপা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ছিনতাইকারী দুইজন জামালপুর জেলার ইসলামপুর ইউনিয়নের তাকতাপাড়া গ্রামের ফরিদা বেগম (২১) এবং একই গ্রামের নিপা আক্তার (২৬) । তারা উভয়েই বেদে সম্প্রদায়ের ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইসহাক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে শৈলকূপা বাজারের পূবালী ব্যাংকে টাকা উত্তোলন করতে আসেন। ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন শেষে বের হয়ে পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ছিনতাইকারী চক্রের চার সদস্য তাকে ঘিরে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বৃদ্ধ ইসহাকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রের দুই সদস্য পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা দুই নারী সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, জনতার হাতে আটক দুই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।