রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা ফেরাতেই রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছি: কর্নেল অলি
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ
গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা ও রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সর্বসম্মতভাবে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে। রবিবার (৯ আগস্ট, ২০২৬) এক বিশেষ বক্তব্যে তিনি এ কথা জানান।
ভিডিও বার্তায় কর্নেল অলি আহমদ বলেন, গণতন্ত্রের গতিশীলতা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক হওয়া অত্যন্ত জরুরি। এই দায়িত্ববোধ থেকেই তারা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন । তিনি জানান, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং বিরোধীদলীয় শীর্ষ নেতাদের দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতক্রমে তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে অলি আহমদ বলেন, “বাংলাদেশি জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। সবাই মনে করেছেন যে আমি একজন মুক্তিযোদ্ধা এবং পরীক্ষিত মানুষ, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং যিনি সর্বদা সৎভাবে জীবনযাপন করেছেন।” এই মূল্যায়ন ও আস্থার জন্য তিনি সমগ্র জাতি এবং ১১ দলীয় ঐক্যজোটের সকল নেতাকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতির উদ্দেশে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের মানুষের সাথে কখনোই কোনো ধরনের প্রতারণা বা বেইমানি করা হবে না। জয় বা পরাজয় বড় কথা নয়, মূল বিষয় হলো সবসময় জনগণের পাশে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষা করা। জাতির কল্যাণে এই ব্রত নিয়েই তারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছেন বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]