গাজীপুরে ১২০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা থানাধীন পলাশ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন গাছা এলাকার বাসিন্দা মো. রাকিব ও মো. রবি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার একটি চৌকস দল পলাশ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, “মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গাছা থানা পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]