খুঁজুন
, ,

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি এ অবস্থান তুলে ধরেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ন্যায্য দাবিগুলোর প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য ‘রিস্টোরিং ট্রাস্ট, ম্যানেজিং ট্রান্সফরমেশন: অ্যা ইউনাইটেড নেশনস দ্যাট ডেলিভারস ফর অল’ অত্যন্ত প্রাসঙ্গিক। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ বহুপাক্ষিকতার নীতিতে অটল রয়েছে।

তিনি জানান, জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের ভাইস-চেয়ার হিসেবে বাংলাদেশ টেকসই শান্তি, সংঘাত প্রতিরোধ ও অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন।

তারেক রহমান আরও বলেন, উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্বশান্তির পথে বাধা সৃষ্টি করছে। শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ব মানবতা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যেকোনো উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই ভাষণে তিনি রোহিঙ্গা সংকটের সমাধানে মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

শরীয়তপুরে কাফ’নের কাপড় মাথায়, নি’ষি’দ্ধ ছাত্রলীগের মিছিল…

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
শরীয়তপুরে কাফ’নের কাপড় মাথায়, নি’ষি’দ্ধ ছাত্রলীগের মিছিল…

শরীয়তপুর শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিলটি করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে পুলিশ বক্সের দিকে যায়। পরে মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।

মিছিলের বিষয়ে সাজিদ মোল্লার একটি ফেসবুক পোস্টেও বক্তব্য পাওয়া গেছে। ওই পোস্টে তিনি দাবি করেন, প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও মাথায় কাফন বেঁধে ‘টর্নেডোর মতো’ হঠাৎ মিছিল নিয়ে হাজির হওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

একই পোস্টে তিনি দাবি করেন, মিছিলটি শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া সায়েম (১৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি শরীয়তপুরের পালং থানার হাজরাসার এলাকার সাইদ আকনের ছেলে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম বলেন, ‘জুমার নামাজের সময় কয়েকজন মিলে শহরের পুলিশ বক্সের এদিকে একটি মিছিল করেন।

খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

“লামায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে ঘর নির্মান সামগ্রী, গৃহস্থালি সামগ্রী উপহার বিতরণ শুরু করেছেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন”

এস এম আকাশ : স্পেশাল ক্রসপেন্ডেন্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
“লামায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের মাঝে ঘর নির্মান সামগ্রী, গৃহস্থালি সামগ্রী উপহার বিতরণ শুরু করেছেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন”

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ বান্দরবান
পার্বত্য জেলার লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের মিয়াজী পাড়ার তাকওয়া ভ্যালীতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আস)এর উদ্যোগে
সহায়তা উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।’

উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশন-এর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জনাব মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব মোঃ মঈন উদ্দিন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান প্রকৌশলী জনাব
মোহাম্মদ নাছির উদ্দীন।’

বিশেষ অতিথির এক বক্তব্যে লামা উপজেলা নির্বাহী অফিসার (UNO) জনাব মইনুদ্দিন বলেন, আমরা যদি এভাবেই বেশি বেশি দাম ছগদা করতে পারি তাহলে দেশে আর দরিদ্র থাকবে না। এ সময় সকলকে দান ছদগা করারও আহ্বান জানান এই মানবিক কর্মকর্তা।’

এ সময় ফাঁসিয়াখালী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মোঃ রহিম মেম্বার সহ সকলের উপস্থিতিতে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এমন ১৫টি পরিবারের মাঝে ভালোবাসার উপহার ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।’

ইবিতে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টারিং

ইবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ইবিতে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টারিং

বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে গোপনে এ পোস্টারিং কর্মসূচি করে সংগঠনটি।

সরেজমিনে দেখা যায়, পোস্টারে ‘ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন’, ‘অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের ফরমায়েশি রায়ের প্রতিবাদ’, এবং ‘শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কী হবে?’—মোট তিনটি শিরোনাম লেখা দেখা যায়। তবে শিক্ষার্থীদের চোখে পড়ার আগেই নিরাপত্তাকর্মীরা এসব পোস্টার সরিয়ে নেন।

এদিকে ‘নেত্রীর প্রত্যাবর্তন সুনিশ্চিত করতে ও অবৈধ ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের ফরমায়েশি রায়ের প্রতিবাদে ইবি ছাত্রলীগের উদ্যোগে পোস্টারিং কার্যক্রম’ উল্লেখ করে এসব পোস্টারের ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সংগঠনটির শাখা আহ্বায়ক মেহেদী হাসান হাফিজ।

ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীরা জানান, একই সময়ে একদোকানি কর্তৃক সিগারেটের টাকা পরিশোধ নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। নিরাপত্তাকর্মীরা যখন সেদিকে নজর দেন, সেই সুযোগে এসব পোস্টার লাগিয়ে পালায় ছাত্রলীগ। ঘটনার পেছনে একই সূত্র বা ইন্ধন আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে উপাচার্য ও পুলিশ প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলেছি। এ কাজের সাথে যারা জড়িত ও ইন্ধন দিয়েছে, তাদের শনাক্ত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ক্যাম্পাসে কোনো ধরনের দুষ্কৃতকারীর ঠাঁই হবে না।”