বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার তথ্য উপদেষ্টার নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর্থিক ক্ষতির মুখে পড়বে কি না—তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি আইপিএলের নিলামে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টর রাজনৈতিক ও ধর্মীয় মহলের চাপের মুখে শেষ পর্যন্ত মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে জানায়, এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অনাগ্রহী।
এই প্রেক্ষাপটেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসে, যা ভারতীয় ক্রীড়াবিশ্বে আলোড়ন তুলেছে। তবে অর্থনৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের জন্য কতটা প্রভাব ফেলবে—তা নিয়ে ভিন্নমত রয়েছে।
বিসিসিআইয়ের আয়ের বড় অংশ আসে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে। টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব, টাইটেল স্পনসর, দলীয় স্পনসর এবং বিজ্ঞাপন থেকেই আইপিএলের মূল রাজস্ব তৈরি হয়। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের মিডিয়া রাইটস বিক্রি হয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়, যা আগের চুক্তির তুলনায় প্রায় দ্বিগুণ। এই বিপুল অঙ্কের বেশির ভাগই এসেছে ভারতীয় দর্শক ও প্ল্যাটফর্ম থেকে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে আইপিএলের মোট আয়ের অংশ খুবই সীমিত। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, প্রতিবছর আইপিএল যে মোট রাজস্ব আয় করে, তার মাত্র ২ থেকে ৩ শতাংশ আসে বাংলাদেশসহ পার্শ্ববর্তী বাজারগুলো থেকে।
আন্তর্জাতিক মিডিয়া ও বাণিজ্যিক চুক্তি থেকে ২০২৩–২০২৭ মেয়াদে বিসিসিআইয়ের আয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকার কিছু বেশি, যা সামগ্রিক আয়ের তুলনায় নগণ্য।
এদিকে আইপিএল আয়োজনের ক্ষেত্রে বিসিসিআইকে সরাসরি কর দিতে না হলেও ভারত সরকার এই টুর্নামেন্ট থেকে উল্লেখযোগ্য রাজস্ব পেয়ে থাকে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে উৎসে কর (টিডিএস) কাটা হয়। ২০২৫ সালের আইপিএল মেগা নিলাম থেকেই সরকার ৫০ কোটির বেশি টাকা টিডিএস আদায় করেছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]