খুঁজুন
, ,

বিকেএসপিতে সুযোগ না পাওয়া প্রতিভাবান খেলোয়াড়দের জন্যও বিশেষ ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ হাফিজুর রহমান, আশুলিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
বিকেএসপিতে সুযোগ না পাওয়া প্রতিভাবান খেলোয়াড়দের জন্যও বিশেষ ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সুযোগ না পাওয়া প্রতিভাবান খেলোয়াড়দের হতাশ না হয়ে নিজেদের পারফরম্যান্স ধরে রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসব খেলোয়াড়কে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বিকেএসপিতে প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিকেএসপিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ১ লাখ ৬৮ হাজার অনলাইন রেজিস্ট্রেশনের মধ্য থেকে ৩০৬ জন খেলোয়াড়কে নিয়ে ৪০ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়েছে। তবে বিভিন্ন কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড় শেষ পর্যন্ত বিকেএসপিতে পৌঁছাতে বা চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারেননি। তাদের মেধা ও পারফরম্যান্স ধরে রাখতে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও বলেন, সুনির্দিষ্ট গাইডলাইন ও পরিকল্পনা অনুযায়ী প্রথম আসরে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশুদের নিয়ে এগিয়ে যাওয়া হলেও ১৫ বা ১৬ বছর বয়সি একটু বেশি বয়সের প্রতিভাবান খেলোয়াড়দের ধরে রাখার পরিকল্পনাও সরকারের রয়েছে। এই লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে প্রায় ১৬ লক্ষ ২৩ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৪ লক্ষ ক্রীড়াবিদ ৪৫৯৯টি ইউনিয়নে দল গঠন করে পারফর্ম করবে। ১৫, ১৬ বা ১৭ বছর বয়সি এসব খেলোয়াড়কে সারা দেশের প্রতিটি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন লিগে খেলানোর মধ্য দিয়ে ধরে রাখা হবে। সরকারের এই বহুমুখী পরিকল্পনার মাধ্যমে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব প্রতিভাবান খেলোয়াড়কে তুলে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে বাংলাদেশের ৫০৩টি উপজেলায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এই আসরে খেলোয়াড়েরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের পুনরায় বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ট্যালেন্টেড খেলোয়াড়দের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব সরকার বহন করবে। প্রথম আসরে ১ লক্ষ ৬৮ হাজার অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ৩০৬ জন প্রতিভাবান খেলোয়াড় পাওয়া গেলেও বিভিন্ন কারণে অনেকেই বিকেএসপিতে পৌঁছাতে পারেননি—এমন খেলোয়াড়দের পরবর্তী আসরে তাদের পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে জাতীয় পর্যায়ে আবারও অংশগ্রহণের সুযোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রথম আসরে সুযোগ না পাওয়া ১৫, ১৬ ও ১৭ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়দেরও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়া হবে। পাশাপাশি দ্বিতীয় আসরে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন খেলোয়াড়েরা।

জাতীয় পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের পুনরায় বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব সরকার বহন করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব হবে।

গাজীপুরের নিজের জমিতে ঘর করতে গিয়ে চাচাতো ভাইদের হামলার শিকার ভুক্তভোগী পরিবার আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
গাজীপুরের নিজের জমিতে ঘর করতে গিয়ে চাচাতো ভাইদের হামলার শিকার ভুক্তভোগী পরিবার আহত ৩

গাজীপুর মহানগরের গাছা থানাধীন দৌলতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. ইউসুফ আলী বাদী হয়ে গাছা থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাদী মো. ইউসুফ আলী ও তাঁর পরিবারের লোকজন পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করেন। নির্মাণকাজ শেষ হওয়ার পর দুপুরের দিকে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় নির্মাণাধীন টিনের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়।
প্রতিবাদ করতে গেলে হামলাকারীরা বাদীপক্ষের লোকজনের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর করে। এতে আমির হোসেন, রহিমা বেগম, ইমান আলী ও নাতনি ইশিতা আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মো. ফজল, মো. আলম, মো. সোহেল, মো. রউফ ও মোসা. রেণুজাসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে বিবাদী করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে গাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। “তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

২ হাজার ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
২ হাজার ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার বাসিন্দা।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খেতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খেতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে দাওয়াত খেতে এসে যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী আটক হয়েছেন। পরে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত সাবেক জিএস মহিবুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী আকন, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার এবং পৌর ছাত্রলীগের সদস্য সজিব সরদার।

সৈকত গুহ পিকলু জানান, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যায় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে এসে দাওয়াতে আসা ছয়জন ও তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে একটি নিয়মিত মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার সাতজন ছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন সক্রিয় নেতাকর্মী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, আগামী ডিসেম্বর মাসে দলীয় প্রধানের দেশে প্রত্যাবর্তন সফল করা এবং রাজনৈতিক কার্যক্রম সচল করার উদ্দেশ্যে গৌরনদীর বিল্লগ্রাম এলাকার একটি বসতঘরে গোপন বৈঠকে মিলিত হয়েছেন, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

এজাহার অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যান।

তবে সৈকত গুহ পিকলুর বক্তব্য অনুযায়ী, বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন ও দাওয়াতের অনুষ্ঠান চলছিল। ঘটনাটি নিয়ে তাঁর বক্তব্য এবং মামলার এজাহারে পুলিশের উল্লেখ করা অভিযোগের মধ্যে ভিন্নতা রয়েছে।