খুঁজুন
, ,

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: ১১ ডিসেম্বর, ভোট ৮ ফেব্রুয়ারি

এম টিভি বাংলা অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: ১১ ডিসেম্বর, ভোট ৮ ফেব্রুয়ারি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: ১১ ডিসেম্বর, ভোট ৮ ফেব্রুয়ারি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর। ওইদিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি, রোববার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন রোববারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে কমিশন।

রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ

তফসিল ঘোষণার আগে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ১০ ডিসেম্বর সাক্ষাৎ করবেন। এটি প্রথা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার একটি অংশ। তফসিলের আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও ৯ ডিসেম্বর কমিশনের সাক্ষাৎ হবে।

ভাষণ দিয়ে তফসিল ঘোষণা

এবার সিইসি একটি রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন, যা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। ভাষণে সিইসি মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব নিয়ে কথা বলবেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দল, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানাবেন।

ভোটের সময়সূচি ও ভোট গ্রহণের বিস্তারিত

তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের দিন ৮ ফেব্রুয়ারি রাখা হয়েছে। এদিন ভোট গ্রহণের সময়ও কিছুটা বাড়ানো হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এটি নিশ্চিত করা হয়েছে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে। পাশাপাশি, এবার একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, যার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন সম্পন্ন হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি

আগামী নির্বাচনকে সুষ্ঠু ও সঠিকভাবে আয়োজনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিন দিনের পরিবর্তে পাঁচ দিন করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময়ও বাড়ানো হয়েছে ৫ দিন।

প্রথমবার প্রবাসীদের পোস্টাল ব্যালট

এবার প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। তফসিল ঘোষণার পরপরই পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হবে, যার মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রাথমিকভাবে ৫ লাখ পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে, তবে প্রবাসী ভোটারের নিবন্ধনের হার দেখে সংখ্যা নির্ধারণ করা হবে।

নির্বাচন ব্যবস্থাপনা ও ভোটকেন্দ্র

নির্বাচন কমিশন জানায়, ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার এবার ভোট দেবেন। ভোটগ্রহণের জন্য প্রায় ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া ভোটকক্ষে থাকবে ২ লাখ ৪৫ হাজার ১৯৫টি বুথ।

নির্বাচন কমিশনারের ভাষণ: আহ্বান সহযোগিতার জন্য

সিইসি তার ভাষণে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য রাজনৈতিক দল এবং ভোটারদের কাছে আচরণবিধি মেনে চলার আহ্বান জানাবেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করার জন্য উদাত্ত আহ্বান জানাবেন।

এছাড়া তিনি নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করবেন, বিশেষত ভোটারদের কাছে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য উদ্বুদ্ধ করার জন্য।

এবারের নির্বাচনের তফসিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে, আর বাংলাদেশ তার ঐতিহ্য ও ইতিহাস অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

 

দাউদকান্দিতে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের মেধাবী অন্বেষণ ও শিক্ষা উপকরণ বিতরণ

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
দাউদকান্দিতে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের মেধাবী অন্বেষণ ও শিক্ষা উপকরণ বিতরণ

‘শিক্ষাই গড়বে সোনার বাংলা’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ‘স্বপ্নছোঁয়া মেধাবী অন্বেষণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াগাঁও স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার নোয়াগাঁও ক্যামব্রিয়ান স্কুলে এ আয়োজন করা হয়।

স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের সভাপতি মো. ইমরান হোসেন বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল খন্দকার।

এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার এবং ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের এ উদ্যোগ। শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখানো, তাদের সম্ভাবনাকে বিকশিত করা এবং একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. জাকির হোসেন, আলমগীর হোসেন, মো. শাকিল চৌধুরী, মো. আল আমিন, মো. রেজাউল করিম , মো. মাজহারুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাসেল এনাম রনি।

শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

আশুলিয়ায় ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

মোঃ হাফিজুর রহমান, আশুলিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
আশুলিয়ায় ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সাভারে ঢাকা জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে সড়কে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কবিরপুর রেডিও কলোনী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা নীল রঙের নম্বরপ্লেটবিহীন ফোটন পিকআপটির আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে আগে তিনটি মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা ও একটি চুরির মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মোঃ হাফিজুর রহমান, আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ঢাকার আশুলিয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানকে পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় জামাল হোসেন মুকুলের স্ত্রী মোছা. আলো বেগম (৪০) ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকায় কর্মরত আছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের দাবি, ওই সময় এলাকাটি নির্জন ছিল এবং আশপাশের দোকানপাট বন্ধ ছিল। পরিস্থিতি বুঝে তিনি সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন এবং চিৎকার করলে বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসেন। পরে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। এ সময় অন্ধকারে আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় ছিলেন বলে দাবি তাঁর। তাঁদের নেতৃত্বে কাউছার নামে এক ব্যক্তি ছিলেন বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম প্রধানের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে অতীতে প্রতারণার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদ প্রকাশের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তাঁর সন্দেহ।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতা চেয়েছেন ওই সাংবাদিক।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আশপাশের লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।