দাউদকান্দিতে কিশোর অপরাধ প্রতিরোধে তারুণ্য সংলাপ ও শপথ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে তারুণ্যের সংলাপ ও শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গৌরীপুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. সফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএসআই ফরিদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, শাহাদাত হোসেন, সদস্য আব্দুল আহাদ ও হিমেল নাসিমসহ অন্যরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, কিশোর অপরাধে জড়িত না হওয়া এবং নৈতিক চরিত্র গঠনের শপথবাক্য পাঠ করান (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লাল সবুজ উন্নয়ন সংঘ দেশের ৬৪ জেলায় কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
তিনি জানান, গত সাড়ে ১৫ বছরে সংগঠনটি সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছে। বৃহস্পতিবারের আয়োজনটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৫৫তম সচেতনতামূলক কর্মসূচি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]