খুঁজুন
, ,

বাঞ্ছারামপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: ৪ জন গ্রেপ্তার

রায়হান আহামেদ সোহান, বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ
বাঞ্ছারামপুরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: ৪ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে এক মোটরসাইকেল মেকানিককে বেধড়ক মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোঃ ফোরকান মিয়া (৩৫) পেশায় একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে মোঃ জাহিদুল ইসলাম রবিন (১৯) ও মোঃ খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে মোঃ শফিকুল ইসলাম মালিকানাধীন ‘ভাই ভাই’ নামীয় ভাঙারি দোকানের ভেতরে নিয়ে লোহার শিকল দিয়ে তার হাত-পা বেঁধে রাখা হয়। এরপর স্টিলের এসএস পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে তার হাত, পা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে মারধরের সময় আসামিদের একটি মোবাইল ফোন থেকে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে ফোন করে চিৎকার শোনানো হয়। মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ১০টার দিকে তাকে একটি রিকশায় করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-০৮, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ।

পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি

বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আর ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ‘শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা আর ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।’

 

আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, সেভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।’

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে ছাত্রদল সভাপতি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কিংবা এর পরবর্তী সময়ে যতবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি, ততবারই মুগ্ধ হয়েছি। তাদের কর্মস্পৃহা এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজনগুলো আমি শুধু প্রশংসাই করি না, নিজেও উপস্থিত থেকে সেগুলো দেখভালের চেষ্টা করি।’তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যতিক্রম। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে পুরান ঢাকায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য তাদের প্রাণবন্ত প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।’

পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের খবরে যেসব ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানানো হয়েছে। সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ভুয়া সংবাদ থেকে সাবধান থাকার আহ্বান জানান।সতর্কীকরণ বার্তায় ফেসবুক পেজে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

 

এ বার্তায় যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।