খুঁজুন
, ,

ভূরুঙ্গামারীর কৃতি সন্তান এএসপি ফারুকের উদ্যোগে তরুপল্লব পাঠাগারে পাঠক সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

মোঃ মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীর কৃতি সন্তান এএসপি ফারুকের উদ্যোগে তরুপল্লব পাঠাগারে পাঠক সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন তরুপল্লব পাঠাগারের উদ্যোগে পাঠক সংবর্ধনা প্রদান ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর ১২টায় তরুপল্লব পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরের সর্বোচ্চ বই পাঠকারী পাঠকদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে পাঠাগারের নিয়মিত পাঠকদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, ভূরুঙ্গামারী। বিশেষ অতিথি ছিলেন আজিম উদ্দিন, অফিসার ইনচার্জ, ভূরুঙ্গামারী থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফারুক আহমেদ পিপিএম-সেবা, সভাপতি, তরুপল্লব পাঠাগার ও অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল)।

অনুষ্ঠানের শুরুতে দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবর্ধনাপ্রাপ্ত পাঠকদের মধ্যে রয়েছেন, ২০২০ সালে সর্বোচ্চ ২০টি বই পাঠের জন্য মোঃ আবির হোসেন (কারমাইকেল কলেজ, ইসলামের ইতিহাস, ১ম বর্ষ); ২০২১ সালে সর্বোচ্চ ৫৫টি বই পাঠের জন্য মোঃ রাহাত হোসেন (গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, ১ম বর্ষ); ২০২২ সালে সর্বোচ্চ ২২টি বই পাঠের জন্য মোঃ হায়দার আলী (ফার্মেসি ব্যবসায়ী, গীতিকবি ও শিল্পী), যিনি এ সময় তাঁর রচিত একটি বই পাঠাগারে প্রদান করেন; ২০২৩ সালে সর্বোচ্চ ২৭টি বই পাঠের জন্য খন্দকার নাহিদ হোসেন (ভূরুঙ্গামারী সরকারি কলেজ, এইচএসসি ১ম বর্ষ, বিজ্ঞান বিভাগ); ২০২৪ সালে সর্বোচ্চ ৫৩টি বই পাঠের জন্য মোঃ আনিস আলী (হামিদা খানম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণি, বিজ্ঞান বিভাগ); ২০২৫ সালে সর্বোচ্চ ৩১টি বই পাঠের জন্য মোঃ আবির হোসেন (ভূরুঙ্গামারী সরকারি কলেজ, এইচএসসি ১ম বর্ষ, মানবিক বিভাগ), এবং ২০২৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি বই পাঠের জন্য মোঃ রাকিবুল হাসান (ভূরুঙ্গামারী সরকারি কলেজ, এইচএসসি ১ম বর্ষ, মানবিক বিভাগ)।

২০২১ সালের সর্বোচ্চ বই পাঠকারী মোঃ রাহাত হোসেন বলেন, তরুপল্লব পাঠাগারে নিয়মিত বই পড়ার মাধ্যমে তিনি গণিত অলিম্পিয়াড সম্পর্কে ধারণা লাভ করেন এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে পুরস্কৃত হন। তিনি বলেন, এই পাঠাগার তাঁর শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য পাঠকরাও পাঠাগারে বই পড়ে উপকৃত হওয়ার কথা জানান।

এর আগে সকাল ৯টায় তরুপল্লব পাঠাগারের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, শিক্ষা প্রসার ও আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২০১৮ সালে তরুপল্লব পাঠাগারের যাত্রা শুরু হয়। পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন।

আবু হানিফ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান আজ সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি বিভিন্ন সময়ে এই গণঅভ্যুত্থানের বিরোধিতা করছেন। ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই কথায় আছে, ‘ওয়ান্স অ্যান আওয়ামী লীগ, অলওয়েজ অ্যান আওয়ামী লীগ।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও সমালোচনা করেন আবু হানিফ। তাঁর দাবি, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হওয়ার পর সংসদে গিয়ে রুমিন ফারহানা সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে তিনি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ জানাননি।

সবশেষে তিনি দাবি করেন, দুই সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডে মনে হচ্ছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২২ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ করা হবে।

এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ভিডিওটি নিয়ে এলাকায় সমালোচনা শুরু হলে তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ পৌঁছার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ঝরনা আক্তার ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশাল জেলায়।

স্থানীয়দের ভাষ্যমতে, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি নজরে এলে এলাকায় ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা আমার স্ত্রীর মোটেও উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন; কিন্তু পুলিশ পৌঁছার আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।