খুঁজুন
, ,

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন- মীর শাহে আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন- মীর শাহে আলম

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাঁশখালীতে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে এ কার্ডের আওতায় আনা হবে।

মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে সবাই এই কার্ড পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।

বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় ধরনের কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণে বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ায় বন্যা দেখা দেওয়ায় স্থানীয় মানুষ অসহায় হয়ে পড়েন। এ ধরনের বন্যা মোকাবিলায় এ এলাকার মানুষের পূর্ব অভিজ্ঞতা ছিল না।

তিনি বলেন, জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সেই চেষ্টার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে সরকারের পক্ষ থেকে তিনি মন্ত্রী হিসেবে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, তাঁর বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন। তাঁর দাবি, একই পরিবারের তিনজনের জাতিসংঘে ভাষণ দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার কথা সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করলেন কুমিল্লার ডিসি রোজী আকতার

হোসাইন মোহাম্মদ দিদার(কুমিল্লা) দাউদকান্দি:
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করলেন কুমিল্লার ডিসি রোজী আকতার

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় পরিদর্শনে আসলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

পরে সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক আসামিদের ওয়ারেন্ট সম্পর্কে, অস্ত্রাগার পরিদর্শন, কিশোর গ্যাং, মাদক, অনলাইন জিডির অগ্রগতি ও নিয়মিত মামলাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়া তিনি কিশোর গ্যাং প্রতিরোধে ও মাদক উদ্ধারে দাউদকান্দি মডেল থানাসহ সংশ্লিষ্টরা ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন।

এ সময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, পরিদর্শক সাইফউদ্দিন, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিভাস চন্দ্র সাহাসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

সাবেক যুবলীগ নেতা এনামুল হক এখন যুবদলের ইউনিয়ন সভাপতি, চৌদ্দগ্রামে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
সাবেক যুবলীগ নেতা এনামুল হক এখন যুবদলের ইউনিয়ন সভাপতি, চৌদ্দগ্রামে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক যুবলীগ নেতা মো. এনামুল হক (এনাম)। আওয়ামী লীগের সাবেক রেলপথমন্ত্রী ও পলাতক নেতা মুজিবুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনামুল হক বর্তমানে যুবদলের চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন কমিটির সভাপতি হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হকের আস্থাভাজন এবং একই গ্রামের বাসিন্দা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের একাধিক ছবি ও ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে এসেছে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এনামুল হকও নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের চেষ্টা শুরু করেন। এরই ধারাবাহিকতায় তিনি বর্তমানে যুবদলের ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে জায়গা করে নিয়েছেন।

তবে তাঁর এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং নতুন কমিটিতে সভাপতির পদ পাওয়া নিয়ে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে যুবদলের নেতৃত্বে বসানো সংগঠনের আদর্শ, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া, সংশ্লিষ্ট কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন নেতাকর্মী। তাঁদের দাবি, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন হয়েছে।

এলাকার রাজনৈতিক সচেতন মহলের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে দলবদলকারীদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে আসীন করার প্রবণতা রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগী কর্মীদের মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং কমিটি গঠনের প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

আনিস খানের জমি ও খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে ফরিদপুরে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ‘মডেল এতিমখানা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
আনিস খানের জমি ও খাইরুল ইসলাম রোমানের নেতৃত্বে ফরিদপুরে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ‘মডেল এতিমখানা।

ফরিদপুরে অবহেলিত ও এতিম শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে এক অনন্য ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আনিস খানের ভূমি দান এবং সমাজসেবক খাইরুল ইসলাম রোমানের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে এখানে গড়ে উঠছে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ‘মডেল এতিমখানা’। এই এতিমখানাটি এলাকার এতিম শিশুদের জন্য একটি বড় আশ্রয়স্থল ও আশার আলো হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, এতিম ও দুস্থ শিশুদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এই মডেল এতিমখানার মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্যে বিশিষ্ট ব্যবসায়ী আনিস খান স্বপ্রণোদিত হয়ে জমি দান করে এক দৃষ্টান্তমূলক মানবিক উদাহরণ সৃষ্টি করেছেন।

অন্যদিকে, এতিমখানার সার্বিক অবকাঠামো নির্মাণ, পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনায় দিনরাত কাজ করে যাচ্ছেন খাইরুল ইসলাম রোমান। তার সুনিপুণ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পুরো প্রকল্পের কাজ দ্রুত ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে।

উদ্যোক্তারা জানান, সাধারণ এতিমখানার চেয়ে এটি হবে কিছুটা ব্যতিক্রমী ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। এখানে এতিম শিশুদের থাকা-খাওয়ার মানসম্মত ব্যবস্থার পাশাপাশি সাধারণ শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষা এবং তাদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন জীবনমুখী কর্মমুখী প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।

এতিমখানার শিক্ষার্থীদের সঠিক ধর্মীয় ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে দায়িত্ব নিচ্ছেন অভিজ্ঞ ধর্মীয় শিক্ষকবৃন্দ। এতে সরাসরি শিক্ষকতা ও দিকনির্দেশনা প্রদান করবেন ঝিলটুলি জামে মসজিদের ইমাম এবং হাফেজ মাওলানা আব্দুর রহমান রোমান। তাদের সুপরিচিত দ্বীনি ইলম ও যোগ্য পরিচালনার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা সঠিক ইসলামি অনুশাসন ও নৈতিক শিক্ষার আলো পাবে।

স্থানীয় এলাকাবাসী এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আনিস খানের এই জমি দান এবং খাইরুল ইসলাম রোমানের নিবেদিত নেতৃত্ব ও দেখভাল ফরিদপুরের অবহেলিত শিশুদের জন্য এক নতুন ভোরের সূচনা করবে। এই মডেল এতিমখানাটির কাজ দ্রুত সম্পন্ন করে এর সেবা চালু করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা।