থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চাঁদপুরের নাবিল : ছেলের সুস্থতার অপেক্ষায় বাবা সিদ্দিকুর রহমান
২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানের একমাত্র সন্তান নাবিল আহমেদ। আজ দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও নাবিলের চিকিৎসার লড়াই শেষ হয়নি। ছেলের সুস্থতার আশায় এখনো থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নির্ঘুম রাত কাটছে এই হতভাগা পিতার।
শনিবার (৪ জুলাই) দুপুরে এক সাক্ষাৎকারে এমটিভি বাংলার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কাউছার পাটোয়ারীকে দেওয়া আবেগঘন প্রতিক্রিয়ায় সিদ্দিকুর রহমান নিজের এবং পরিবারের দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেন।
সিদ্দিকুর রহমান বলেন, “আমার ছেলের রক্তের বিনিময়ে কেনা আজকের বাংলাদেশ। অথচ আমার সন্তান আজও হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই ঢাকা শহরের কোনো হাসপাতাল আমার ছেলেকে ভর্তি নিতে চায়নি। মুমূর্ষু অবস্থায় ধানমন্ডির পপুলার হাসপাতালের পেছনের দরজা দিয়ে কাঁধে করে ছেলেকে ভর্তি করাই। তার আগে এক দিন এক রাত আমরা অ্যাম্বুলেন্সেই ছিলাম।”
তিনি আরও অভিযোগ করেন, “হাসপাতালে ভর্তির এক ঘণ্টা পরই ডিবি পুলিশের এএসপি নিপাত বিশ্বাসের নেতৃত্বে আমাকে গ্রেপ্তার করা হয়। ২০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ১৫ দিন ডিবির হেফাজতে আমাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি ছেলের অপারেশন না করিয়ে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমি সেদিন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের পায়ে ধরে ছেলের অপারেশন করিয়েছিলাম। সেই দিনের কথা মনে পড়লে আজও আমার কলিজা কেঁপে ওঠে।”
আন্দোলনের পরবর্তী পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের সময় যারা পরিবার নিয়ে নিরাপদে ছিল, আজ তারাই বড় নেতা।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছেলেসহ হাজারো মায়ের সন্তান কি এসব অপকর্মের জন্যই জীবন দিয়েছিল? হাজার হাজার মানুষ আজ পঙ্গু। পঙ্গু হাসপাতাল কিংবা থাইল্যান্ডের হাসপাতালে গেলেই দেখা মিলবে কত মা-বাবা সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে চোখের পানি ফেলছেন।”
নিজের সন্তানের চিকিৎসা এবং সমাজের চলমান অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানান সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “আজকের প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এই জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ান। একই সঙ্গে চাঁদপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছি যাতে এলাকায় চলমান দখলদারিত্ব ও অপকর্মের লাগাম টেনে ধরা হয়।”
নাবিল আহমেদের সুস্থতা এবং জুলাই বিপ্লবের প্রকৃত সুফল পেতে সমাজের বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করেছেন এই পিতা।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]